চীনে জাহাজডুবির ঘটনায় ৩৩১ মরদেহ উদ্ধার

মধ্যচীনের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৩১ মৃরদেহ উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৪৫৬ জন আরোহী নিয়ে জাহাজটি উল্টে যায়। চার দিন পর শুক্রবার জাহাজটি পুরোপুরি পানির উপরে তুলতে সক্ষম হন উদ্ধারকারীরা।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত জাহাজের ভিতর থেকে ৩৩১ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

জাহাজডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একশজনের বেশি আরোহী। জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীসহ ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিন সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার জাহাজটি খাড়া করার পর ১৫০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সন্ধানে জাহাজটির কেবিনগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

চীনের হুবেই প্রদেশের জিয়ানলি এলাকার ইয়াংজি নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী ওই জাহাজের আরোহীদের মধ্যে ৪৬ জন ক্রু, ৪০৫ জন যাত্রী ও ৫ জন ট্রাভেল এজেন্সির কর্মী ছিলেন। জাহাজডুবির এ ঘটনায় হতাহতদের অধিকাংশই পঞ্চাশোর্ধ পর্যটক। জাহাজটি চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে যাচ্ছিল।

‘ইস্টার্ন স্টার’ নামের ওই জাহাজডুবির ঘটনাটি বিগত সাত দশকের মধ্যে চীনে নৌদুর্ঘটনায় প্রাণহানির সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.