সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেনকে গতকাল রোববার দিবাগত রাতে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাত সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ফেরার পথে টেলিভিশন কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনিরুল ইসলাম ও আরটিভির অনুষ্ঠান প্রযোজক আবদুল কাইয়ুম পাভেল।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘রাত ১১টা ২০ মিনিট থেকে আরটিভিতে “আওয়ার ডেমোক্রেসি” নামের টক শোতে অংশ নিয়েছি আমরা। টক শো শেষে বিল্ডিংয়ের নিচে নামলে সেখানে সাদা পোশাকে প্রচুর পুলিশ দেখা যায়। ডিবি পরিচয়ে তাঁরা মনির ভাইকে বলেন, “গাড়িতে ওঠেন”। আমরা বললাম, “কেন? গাড়িতে উঠবে কেন?” তখন তাঁরা বলেন, “আমাদের স্যারের সঙ্গে কথা বলতে হবে।” এর পর গাড়িতে তুলে তাঁরা মনির ভাইকে নিয়ে যান। তবে কোথায় নেওয়া হয়েছে তা জানি না।’
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.