‘কিডনি সম্পর্কিত আইনের খসড়া চূড়ান্ত করা হবে’

ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কিডনি সংযোজনে অতীতে অনেক দালাল দরিদ্র মানুষকে প্রতারিত করেছে। এ মাসেই মন্ত্রণালয়ে বৈঠক করে কিডনি সম্পর্কিত আইনের খসড়া চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত ১০ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন চায়। কিন্তু ভেজাল হাসপাতাল চায় না। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ থাকতে হবে। সরকার বারডেম, শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশনের মতো উদ্যোক্তাদের সহযোগিতা করতে চায়।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষারমান বজায় রাখতে এবং ভর্তি পরীক্ষায় ফেল করাদের ভর্তি না করতে আহবান জানান তিনি ।

কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশীদের সভাপতিত্বে মিরপুরে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এমএ ওয়াহাব, মহাসচিব অধ্যাপক ডা. মুহিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ বক্তব্য রাখেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়াবহ কিডনি রোগের ব্যাপক বিস্তারে সারাবিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষ মৃত্যুর মুখে পড়ছে।

শুধু দীর্ঘস্থায়ী কিডনি রোগেই প্রতিবছর বিশ্বে ১০ লাখ লোক মারা যাচ্ছে এবং দুই কোটি লোক অসুস্থ জীবনযাপন করছে।

আবার আকস্মিক কিডনি বিকল রোগে প্রতিবছর সারাবিশ্বে ৫ থেকে ২৫ ভাগ রোগী আক্রান্ত হয় যারমধ্যে ৪০-৬০ ভাগ রোগী মৃত্যুবরণ করে। বিশ্বের ন্যায় বাংলাদেশেও কিডনি রোগের প্রকোপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এক পরিসংখ্যান থেকে বেরিয়ে এসেছে, বাংলাদেশের প্রতি সাতজনে একজন কিডনি রোগে আক্রান্ত। ২৫ লাখ রোগীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক একজন। বাংলাদেশে প্রতিবছর ৪০ হাজার মানুষ মারা যায় কিডনি রোগে। ৭৫ শতাংশ মানুষই টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। অথচ জনসাধারণকে সচেতন করা গেলে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ সনাক্ত হলে ও দ্রুত চিকিৎসা নিলে এই রোগ প্রতিরোধ অনেকাংশেই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.