ঢাকা: ‘শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে’ শ্লোগান ধারণ করে রমনার বটমূলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী পৌষমেলা। আগামীকাল শুক্রবার সকাল ৭টায় এ মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানের ঘোষণা পাঠ করবেন পৌষমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী লোকজ গান ও নাচ পরিবেশন করবে দেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা। এছাড়া আবৃত্তি করবেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা।

