তিনি একজন ভিক্ষুক। তবে আর দশটা ভিক্ষুকের মতো তিনি নন। কেননা ভিক্ষা থেকে তার মাসিক আয় আসে ৪০ হাজার টাকা। শুধু তাই নয়, এলেমদার এ ভিক্ষুক কৌশলে এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকেও ঠকিয়েছিলেন।
লাখ লাখ টাকা খরচ করে এ ভিক্ষুক তার বোনদের বিয়ে দিয়েছেন। মাসে অন্তত একবার বিদেশে যান। আর বেনসন ছাড়া কোনো সিগারেটই খান না তিনি।
রাজধানীর রাজপথে কখনো তাকে দেখা যায় বিকলাঙ্গের মতো হাঁটুতে ভর দিয়ে হাঁটতে। কখনো বা একটি পা ঘাড়ের ওপর তুলে দিয়ে পথচারিদের কাছে ভিক্ষে চেয়ে বেড়ান। তার লক্ষ্য একটিই, আর তা হলো মানুষের সহানুভূতি অর্জন।
এ ভিক্ষুকের নাম রাজু। গণমাধ্যমকে তিনি জানান, এ দক্ষতা আমি মাদ্রাজ থেকে শিখে এসেছি। বাংলাদেশে এসে ৫ বোনকে বিয়ে দিলাম। এখনো দেশে-বিদেশে সব জায়গাতেই ভিক্ষা করি।
রাজু জানান, ভারত থেকেও প্রতারণা করে নিয়মিতই প্রতিবন্ধী ভাতা নিয়ে আসেন। প্রতি ৩ মাসে অন্তত একবার তিনি যান ভারতে। সেখান থেকে নাকি তিনি ২০ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পান।
বগুড়ার রাজু প্রতিবন্ধী সেজে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পর্যন্ত ধোকা দিয়েছেন। আদায় করেছেন চিকিৎসা ভাতাসহ বগুড়ায় ৫০ শতাংশ জমি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা মান্নান তার বোনদেরকে জিম্মি করে সেই জমি নাকি দখল করে নিয়েছে।
যে যে কৌশলে তার শরীরের অংশ ভেঙে ভিক্ষা করে রাজু তাও দেখান। ৮ বছর ধরে প্রতারণামূলক এ ভিক্ষাবৃত্তি করছেন রাজু। রাজু জানান, দেশজুড়ে তার মতো এ রকম আরো ভিক্ষুক রয়েছে।
সূত্র : বাংলাভিশন


Manzur Ahmed liked this on Facebook.