নিম গাছ থেকে পড়ছে সুমিষ্ট রস!

নওগাঁর রানীনগর উপজেলার কাটরাশইন গ্রামের একটি নিম গাছ থেকে অলৌকিকভাবে পড়ছে সুমিষ্ট রস। গাছের রস পান করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। দিন-রাত গাছটি ঘিরে এখন মানুষের ঢল। এরইমধ্যে প্রচার হয়ে গেছে যে, ওই গাছের রস পান করে মনের মকসুদ (আশা) পূরণ হচ্ছে।

কেউ কেউ লেখাপড়ায় ভাল রেজাল্ট করার জন্য গাছের রস পান করছেন। অনেকে পান করছেন নানা রোগ সারার নিয়ত করে। নিজে পান করে যাওয়ার সময় পাত্র ভরে নিয়ে যাচ্ছেন এ রস।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার কাটরাশইন বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত একটি নিম গাছ থেকে খেজুর গাছের মত ফোঁটায় ফোঁটায় রস পড়ছে। গত কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে বলে জানালেন স্থানীয়রা।

অলৌকিকভাবে বের হওয়া রস কেমন তা দেখার জন্য মুখে দিলে সুমিষ্ট স্বাদ পাওয়া যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনগনের মাঝে ব্যাপক কৌতহুলের সৃষ্টি হয়। এই রস সাধারণ কোন রস নয় বলে অনেকের ধারণা।

রস পান করতে আসা উপজেলার কাজীপাড়া গ্রামের রেজাউল কাজী জানান, তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছিলেন। এই রস কয়েকদিন পান করে আরাম পেয়েছেন।

উপজেলার দীঘিরপাড় গ্রামের মকবুল আকন্দ জানান, তিনি দীর্ঘদিন যাবত পেটের উদারাময় রোগে ভুগছিলেন। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা গ্রহন করেও তিনি রোগ হতে মুক্তি পাননি। এই নিম গাছের রস পান করে জটিল ব্যাধি হতে তিনি আরোগ্য লাভ করেছেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা আব্দুর রহিম, চন্দ্র বিবি, বানেছা বিবি জানান, বিভিন্ন গোপন নিয়তে এই রস পান করে তারা উপকৃত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারোয়ার জানান, কানে শুনেছি। তবে চোখে দেখিনি। নিম গাছের বিভিন্ন জাতভেদে হরমোনের পরিবর্তনজনিত কারণে এটা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.