মৃত শিশু বাঁচার গুজবে মারধর ও ভাঙচুর

নোয়াখালী: পানিতে ডুবে যাওয়া শিশুকে চিকিৎসক মৃত ঘোষণার পর জীবিত রয়েছে এমন অভিযোগে চিকিৎসকসহ দুই জনকে পিটিয়ে জখম করে নিহতের আত্মীয় স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত মো. মিনহাজ হোসেন (৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ির বেলাল হোসেনের ছেলে।

আহতরা হচ্ছেন-কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আবু নাছের ও জরুরি বিভাগের ওয়ার্ডবয় ইমাম উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ির বেলাল হোসেনের ছেলে মিনহাজ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা সুলতানা মিনহাজকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর মিনহাজ বেঁচে আছে এমন গুজবে তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন হাসপাতালে হামলা চালায়। এ সময় তারা ডা. আবু নাছের, ওয়ার্ডবয় ইমাম উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম, চিকিৎসকদের একটি মোটরসাইকেল ভাঙচুর, ইসিজি মেশিন ভাঙচুরসহ হাসপাতালের বহির্বিভাগ ও প্রতিটি কক্ষের দরজা-জানালার কাঁচ ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.