ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে বাস চাপায় রঞ্জন দেবনাথ (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরগামী একটি বাস রঞ্জন দেবনাথকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিস ছুটি শেষে রঞ্জন দেবনাথ বাসায় ফেরার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এসময় গাজীপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।
নিহতের স্ত্রী ও ঢামেক হাসপাতালের স্টাফ নার্স বিনা বিশ্বাস জানান, রঞ্জন দেবনাথ মতিঝিলের আফতাফ গ্রুপের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার নাম আশুতোষ দেবনাথ, বাড়ি ৮১৬/এ ধনিয়া, শনিরআখড়া।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

